ভিয়েতনামের কফি রফতানি খাতে মন্দা ভাবের দেখা মিলেছে। চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে পানীয় পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ শতাংশের বেশি কমেছে। রফতানির পরিমাণ কমার পাশাপাশি চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে কফি রফতানি বাবদ ভিয়েতনামিজ রফতানিকারকদের আয়ও আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ কমে এসেছে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের (জিএসও) সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।

রোবাস্তা কফি উৎপাদন ও রফতানির জন্য ভিয়েতনামের খ্যাতি বিশ্বজোড়া। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১১ লাখ ৬০ হাজার টন বা ১ কোটি ৯৩ লাখ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম।

রফতানির পরিমাণ কমার পাশাপাশি চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়ে কফি রফতানি বাবদ ভিয়েতনামিজ রফতানিকারকদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ২ শতাংশ কমে ১৯৮ কোটি ডলারে দাঁড়িয়েছে বলে জিএসওর প্রতিবেদনে জানানো হয়েছে।