যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিদ্যুচ্চালিত গাড়িবিষয়ক (ইভি) নীতি পুনর্বিবেচনার উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে ইভির চাহিদাও শ্লথ হয়ে পড়েছে। এর প্রভাবে এশিয়ার ব্যাটারি ও গাড়ি নির্মাতারা নিজেদের ব্যবসায়িক কৌশল নতুন করে সাজাচ্ছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের শীর্ষ কোম্পানিগুলো বিনিয়োগ কমানো, প্রকল্প স্থগিত এবং হাইব্রিড বা প্রচলিত ইঞ্জিনের দিকে ঝোঁক বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে।

দক্ষিণ কোরিয়ার ব্যাটারি নির্মাতারা সাম্প্রতিক সময়ে বড় চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করে কারখানা গড়লেও নীতিগত অনিশ্চয়তা কোম্পানিগুলোর পরিকল্পনাকে প্রশ্নের মুখে ফেলেছে। এলজি এনার্জি সলিউশন জানিয়েছে, ইউরোপের বাজারের জন্য ফোর্ড মোটরের দেয়া প্রায় ৯ লাখ ৬০ হাজার কোটি ওন মূল্যের ইভি ব্যাটারি ক্রয়াদেশ বাতিল হয়েছে। এ ঘোষণার পর সিউল স্টক এক্সচেঞ্জে এলজি এনার্জি সলিউশনের শেয়ারদর একদিনেই কমেছে প্রায় ৯ শতাংশ।

ফোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপের জন্য পরিকল্পিত নতুন বাণিজ্যিক ইভি ভ্যান আর উৎপাদন করবে না কোম্পানিটি। একই সঙ্গে ফোর্ড ইভি এফ-১৫০ লাইটনিং ট্রাক উৎপাদন সাময়িকভাবে বন্ধ রেখেছে। কোম্পানিটি হাইব্রিড গাড়িতে বেশি মনোযোগ দেয়ার লক্ষ্য নিয়েছে। একই দিনে ইউরোপীয় কমিশন ২০৩৫ সাল থেকে নতুন কমবাশ্চন ইঞ্জিনের গাড়ি নিষিদ্ধের প্রস্তাব শিথিল করার ইঙ্গিত দিয়েছে। উভয় ঘোষণাই ইভি খাতে অনিশ্চয়তা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফোর্ডের সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে অনের ৬২০ কোটি ডলারের যৌথ উদ্যোগও বাতিল হয়েছে। এতে বড় ধাক্কার সম্মুখীন হয়েছে এসকে অন। যদিও কোম্পানিটি বলছে, এ সিদ্ধান্তে আর্থিক কাঠামো ও পরিচালন নমনীয়তা বাড়বে। তবে জাপানভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান নোমুরার বিশ্লেষক সিন্ডি পার্ক বলেন, ‘‌বড় ক্রেতা হারানোয় এসকে অনের টেনেসি কারখানার বাণিজ্যিক উৎপাদন আরো পিছিয়ে যেতে পারে।’

যুক্তরাষ্ট্রে নীতিগত পরিবেশও বদলাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৭ হাজার ৫০০ ডলারের ইভি করছাড় বাতিল করেছে এবং জ্বালানি দক্ষতার মান শিথিল করার প্রস্তাব দিয়েছে। জাপানি গাড়ি নির্মাতাদের কৌশলেও পড়ছে এর প্রভাব। হোন্ডা মোটর ২০৩১ অর্থবছর পর্যন্ত পরিকল্পিত বিনিয়োগ ১০ লাখ কোটি থেকে কমিয়ে ৭ লাখ কোটি ইয়েনে নামিয়েছে। টয়োটা মোটর ও নিশান মোটর জাপানে ব্যাটারি কারখানার পরিকল্পনা পুনর্বিবেচনা করছে।

এদিকে মিৎসুবিশি মোটরস ডিজেলচালিত মডেল চালু রাখার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট তাকাও কাতো বলেন, গ্রাহকের দৃষ্টিতে এখনো জীবাশ্ম জ্বালানি নির্ভর গাড়ির ভূমিকা রয়েছে।

শিল্প বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা বাজারে ইভি রূপান্তর ধীর হলেও চীনে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। কোরিয়া অটোমোটিভ টেকনোলজি ইনস্টিটিউটের গবেষক লি হ্যাং-কু বলেন, ‘‌চীনের ইভি বাজার দ্রুত বাড়ছে এবং আগামী বছরগুলোয় যুক্তরাষ্ট্র ও ইউরোপ বর্হিভূত বাজারে দেশটি সুবিধা পেতে পারে।’