গতকাল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং: প্রযুক্তিগত পরিবর্তন ও ভবিষ্যতের প্রস্তুতি’ বিষয়ক সেমিনার আয়োজন করে আইএসইউ আইটি ক্লাব।
মূল বক্তা ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও টেক ইনফ্লুয়েন্সার সুমিত সাহা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য শুধু কোডিং জানাই যথেষ্ট নয়, বরং এআই টুলস ব্যবহার, সমন্বিত চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা অর্জন করার দিকেও বিশেষ নজর দিতে হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন আইএসইউ রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাকিকুর রহমান, একই বিভাগের শিক্ষক হাসিবুল ইসলাম পিয়াল, মেখলা মরিয়মসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, আইটি ক্লাবের সদস্য ও শিক্ষার্থীরা।
সেমিনারে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, সফটওয়্যার খাতের পরিবর্তন এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। আইএসইউ আইটি ক্লাবের নেতারা জানান, ভবিষ্যৎ প্রযুক্তি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।










