চলতি বছরের প্রথম প্রান্তিকে মালয়েশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৫ দশমিক ১ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে কেনাঙ্গা ইনভেস্টমেন্ট ব্যাংক (কেনাঙ্গা আইবি)। মার্চে দেশটিতে রেকর্ড উৎপাদন হওয়ায় এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
এসঅ্যান্ডপি গ্লোবালের প্রতিবেদন অনুযায়ী, উৎপাদন খাতে মার্চের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ছিল ৪৮ দশমিক ৮ পয়েন্ট, যা পাঁচ মাসের মধ্যে সবোর্চ্চ। এর আগে ফেব্রুয়ারিতে পিএমআই ছিল ৪৮ দশমিক ৪ পয়েন্ট।
কেনাঙ্গা আইবির প্রাক্কলন অনুযায়ী, ২০২৩ সালে জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৭ শতাংশে স্থির থাকবে। কারণ হিসেবে ফেডারেল বাজেটের আওতায় নীতি ব্যবস্থা ও অভ্যন্তরীণ স্থিতিস্থাপক চাহিদার কথা বলা হয়েছে। সংস্থাটি আরো জানায়, চীনের বাণিজ্য উন্মুক্তকরণের কারণে এ বছর সবোর্চ্চ বিদেশী পর্যটকের আগমন হবে বলে আশা করা হচ্ছে।
উৎপাদন খাতের বিষয়ে কেনাঙ্গা আইবি জানায়, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে পিএমআই ছিল ৪৮ দশমিক ১ পয়েন্ট। বিপরীতে চলতি বছরের প্রথম প্রান্তিকে পিএমআই দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৯ পয়েন্ট। এটি দেশের উৎপাদন কার্যক্রম পুনরুদ্ধারের ইঙ্গিত দিয়েছে। এজন্য দেশীয় খাতে গুরুত্ব দেয়া হচ্ছে। উল্লেখ্য, পিএমআই ৫০ শতাংশের ওপর থাকলে ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি হিসেবে বিবেচনা করা হয়।










