চীনভিত্তিক প্রযুক্তি ও করপোরেট জায়ান্ট আলিবাবা গ্রুপ বেশ কয়েকটি ব্যবসা বিক্রির কথা বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে গ্রোসারি ব্যবসা চেইন ফ্রেশিপ্পো ও রিটেইল বিক্রেতা আরটি-মার্ট। নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্র আলিবাবার নতুন এ পরিকল্পনার কথা জানিয়েছে। খবর রয়টার্স। 

আলিবাবাকে মূল ই-কমার্স ব্যবসায় ফিরিয়ে আনার চেষ্টা করছে গ্রুপটির নতুন চেয়ারম্যান জো সাই ও সম্প্রতি নিযুক্ত সিইও এডি উ। এর অংশ হিসেবে কোম্পানিটি লোকসানে থাকা নন-কোর ইউনিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। 

ফ্রেশিপ্পো, আরটি-মার্ট ও শপিং মল ইনটাইম বিক্রির জন্য সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে আলিবাবা। সূত্রের বরাতে জানা যায়, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে আলিবাবা বিক্রির সিদ্ধান্ত বদলাতেও পারে।

প্রতিবেদনে বলা হচ্ছে, আলিবাবা তাদের ইনটাইম ডিপার্টমেন্ট স্টোর আর্ম অধিগ্রহণের বিষয়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। তবে এ বিষয়ে আলিবাবা বা আরটি-মার্ট ও ইনটাইম কোনো মন্তব্য করেনি। কিন্তু ফ্রেশিপ্পো বিক্রির পরিকল্পনাটি অস্বীকার করেছেন কর্মকর্তারা।

আলিবাবা গ্রুপে চলমান পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে এ বিক্রি প্রচেষ্টাকে দেখা হচ্ছে। গ্রুপটি এরই মধ্যে চীনের পুঁজিবাজারে আইপিও নিয়ে কঠোর তদন্তের মধ্যে রয়েছে। চ্যালেঞ্জিং পরিস্থিতির কারণে স্টার্টআপগুলোর তহবিল সংগ্রহের ক্ষমতা কমে এসেছে। গত সেপ্টেম্বরে গ্রুপটির সাবেক সিইও ড্যানিয়েল ঝ্যাং পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত এডি উ কোম্পানির নতুন কৌশল তুলে ধরেন। তিনি জানান, প্রতিটি ব্যবসায়িক ইউনিট আরো স্বাধীনভাবে পরিচালনা করা হবে। আলিবাবা তাদের কোর ও নন-কোর ব্যবসাগুলোকে আলাদা করার জন্য একটি কৌশলগত পর্যালোচনাও করবে জানিয়েছে।

বাজার গবেষণা সংস্থা কান্তার ওয়ার্ল্ডপ্যানেলের বিশ্লেষক জেসন ইউ জানান, নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে আলিবাবা দেশীয় ই-কমার্স ব্যবসার দিকে আরো বেশি মনোনিবেশ করছে। কারণ এটাই তাদের মূল ব্যবসা। তবে এআই ও ক্লাউড কম্পিউটিংয়ের মতো খাতে আরো বিনিয়োগ বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। তিনি জানান, আলিবাবা গ্রুপের জোর প্রচেষ্টা থাকা সত্ত্বেও অনলাইন ব্যবসার সঙ্গে অফলাইন ব্যবসার একীভূত করা কঠিন প্রমাণিত হয়েছে।

গত মার্চে আলিবাবা ছয়টি ইউনিটে বিভক্ত হয়ে বেশির ভাগ বিভাগের জন্য আইপিওসহ তহবিল সংগ্রহের পরিকল্পনা উন্মোচন করে।