পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কাট্টলী টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ মঙ্গলবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। আগের বছরের একই সময় যা ছিল ৬৩ পয়সা। সে হিসাবে আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৩ পয়সা বা ৩৬ শতাংশ। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৫৬ পয়সায়। অন্যদিকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কাট্টলী টেক্সটাইলের ইপিএস হয়েছে ৩৯ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৭ পয়সা। এ হিসাবে আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১২ পয়সা বা ৪৪ শতাংশ।
৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কাট্টলী টেক্সটাইলের ইপিএস হয়েছে ৫২ পয়সা।










