চীনভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং
বিভাগের এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছে ক্রেডিট সুইস। পাশাপাশি সেখানকার গবেষণা বিভাগেরও প্রায় অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হয়েছে। বৈশ্বিক পুনর্গঠনের অংশ হিসেবে এবং চীনের ব্যবসায়িক
কার্যক্রম ধীর হয়ে যাওয়ায় গত দুই মাসে এ পদক্ষেপ নিয়েছে সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংকটি। বিষয়টির
সঙ্গে যুক্ত সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
তবে রয়টার্সের মন্তব্যের
অনুরোধে চীনে কর্মী ছাঁটাই নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে ক্রেডিট সুইস। দুটি সূত্র
জানিয়েছে, চীনভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং বিভাগ ক্রেডিট
সুইস সিকিউরিটিজের ২০ জনেরও বেশি ব্যাংকারকে ছাঁটাই করা হয়েছে। ক্রেডিট সুইস চীনের
বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, গত বছর শেষে বিভাগটিতে ৬৮ জন কর্মী
ছিল।
সূত্রগুলো জানিয়েছে, গবেষণা বিভাগের প্রায় ১০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। গত বছরের শেষ পর্যন্ত
বিভাগটিতে ২৪ জন কর্মী ছিলেন।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে কঠোর কভিডজনিত বিধিনিষেধ এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে পশ্চিমা ব্যাংকগুলো এশীয় কর্মীদের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছিল, মরগান স্ট্যানলি বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে।










