জাতীয় মজুদ থেকে ৪৮ লাখ ব্যারেল জ্বালানি তেল নিলামে তুলবে জাপান। আগামী ১০ মে এ নিলাম অনুষ্ঠিত হবে। গতকাল জাপানের শিল্প মন্ত্রণালয় এমনটা জানায়। বর্তমান অস্থিতিশীল বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির (আইইএ) প্রচেষ্টাকে সহযোগিতা করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছে জাপান। খবর রয়টার্স।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা চলতি মাসের শুরুর দিকে জানান, নিজেদের জাতীয় মজুদ থেকে রেকর্ড ১ কোটি ৫০ লাখ ব্যারেল জ্বালানি তেল উন্মুক্ত করবে জাপান। আইইএর নেতৃত্বে বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশের কৌশলগত মজুদ থেকে জ্বালানি উন্মুক্ত করার প্রকল্পে সহযোগিতা করতে এমনটা করবে জাপান। আইইএর দ্বিতীয় পর্যায়ের মজুদ উন্মুক্তকরণের আওতায় এসব তেল উন্মুক্ত করবে দেশটি। গত সপ্তাহে জাপানের শিল্প মন্ত্রণালয় জানায়, এসব তেলের ৬০ লাখ ব্যারেল আসবে বিভিন্ন বেসরকারি মজুদ থেকে। রাষ্ট্রীয় মজুদ থেকে উন্মুক্ত করা হবে ৯০ লাখ ব্যারেল তেল।

চলতি বছরের জানুয়ারির শেষ নাগাদ জাপানের পেট্রোলিয়াম মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি ব্যারেল। জ্বালানি উন্মুক্তের প্রথম পর্যায়ে কিরে ট্যাংক থেকে ১০ লাখ ব্যারেল, ১৮ লাখ ব্যারেল শিরাশিমা ট্যাংক এবং কামিগোতো ট্যাংক থেকে ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উন্মুক্ত করা হয়েছে।