‘টেকসই অর্থায়নের জন্য সেরা ব্যাংক’ হিসেবে স্বীকৃত পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সম্প্রতি ‘দ্য অ্যাসেট ট্রিপল আ সাস্টেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস ২০২৪’ স্বীকৃতি পায় এ ব্যাংক। মূলত পরিবেশবান্ধব উৎপাদন খাতে অর্থায়ন, দেশের প্রথম গ্রিন বন্ড ও গ্রিন জিরো-কুপন বন্ড কার্যকর করা, কৃষি ঋণ সম্প্রসারণসহ বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্ট উদ্যোগের জন্য এ স্বীকৃতি লাভ করে প্রতিষ্ঠানটি।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘পরিবেশগত ও সামাজিক চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভারসাম্য বজায় রাখার মাধ্যমে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। টেকসই অর্থায়ন এ চ্যালেঞ্জগুলো মোকাবেলা ও আর্থিক খাতের সঙ্গে পরিবেশগত, সামাজিক ও প্রশাসনিক নীতি সমন্বয়ের মাধ্যমে একটি ইতিবাচক প্রভাব বিস্তার করার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে।’
নাসের এজাজ আরো বলেন, ‘এরই ধারাবাহিকতায়, সচেতনতা, রেগুলেটরি সহায়তা, নৈতিক ও মানসম্পন্ন আর্থিক পণ্য ও সেবার জন্য বাজারের চাহিদা বাড়ার মাধ্যমে বাংলাদেশেও টেকসই অর্থায়ন দ্রুত বিকাশ হচ্ছে। ইতিবাচক প্রভাব বিস্তার ও আরো স্থিতিস্থাপক, অন্তর্ভুক্তিমূলক টেকসই বাংলাদেশ গড়তে আমাদের দক্ষতা, সম্পদ ও অংশীদারত্বকে কাজে লাগিয়ে এ বিবর্তনে নেতৃত্ব দিতে পেরে আমরা গর্বিত।’
স্ট্যান্ডার্ড চার্টার্ড টেকসই অর্থায়ন ও প্রতিষ্ঠিত বাজার থেকে উদীয়মান বাজারে মূলধন স্থানান্তরকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতি নিয়েছে। ১১৯ বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাওয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের একমাত্র বহুজাতিক ইউনিভার্সাল ব্যাংক। —বিজ্ঞপ্তি










