এশিয়ার বাজারে আগ্রহ বাড়াতে ভিয়েতনামের চালের দাম কমিয়ে দিয়েছেন দেশটির রফতানিকারকরা। বাংলাদেশের চাল আমদানির ঘোষণার পরপরই সম্প্রতি ভারত ও থাইল্যান্ডের তুলনায় নিজেদের চালের দাম অনেকটাই কমিয়েছেন তারা। খবর রয়টার্স।
প্রায় নয় বছর ধরে বিক্রি করে আসা ভাঙা চালের মূল্য কমিয়ে দিয়েছেন ভিয়েতনামের ব্যবসায়ীরা। দীর্ঘ নয় বছর ধরে যে চাল টনপ্রতি ৫১৫ থেকে ৫২০ ডলারে বিক্রি করে আসছেন, সম্প্রতি তার দাম কমিয়ে টনপ্রতি ৫০৫ থেকে ৫১০ ডলারে মূল্য ধার্য করেছেন তারা। প্রতি টন চালে প্রায় ৫ ডলার মূল্য কমিয়েছেন রফতানিকারকরা।
ভিয়েতনামের হো চে মিন শহরভিত্তিক চাল ব্যবসায়ী সংগঠনের একজন বলেন, রফতানিকারকরা তাদের নির্ধারিত মূল্যের চেয়েও চালের দাম কিছুটা কমিয়ে দিয়েছেন। থাইল্যান্ড ও ভারতের চালের দামও কিছুটা কমে যাওয়ায় রফতানিকারকরা এমনটা করেছেন। যাতে চালের বাজারে মূল্য ভারসাম্য বজায় থাকে। একই সঙ্গে এ উদ্যোগ আমদানিকারকদের ভিয়েতনামের চালের প্রতি আগ্রহী করে তুলবে।
তিনি আরো বলেন, দাম কমায় আমদানিকারকরা সম্প্রতি ভারতীয় ভাঙা চালের দিকে ঝুঁকছেন। যদিও ভারত ভিয়েতনাম থেকে সুগন্ধি চাল আমদানি করে।
এদিকে ভারত ীয় ভাঙা সিদ্ধ চাল বর্তমানে টনপ্রতি ৩৯৩ থেকে ৩৯৮ ডলারে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ছিল ৩৯৮ থেকে ৪০৫ ডলার। অন্যদিকে থাইল্যান্ডের বাজারে চলতি সপ্তাহে ভাঙা চালের মূল্য মাত্র চার মাসের মধ্যে সর্বনিম্নে। দেশটিতে এ-জাতীয় চালের বর্তমান টনপ্রতি ৪৮৮ থেকে ৫০০ ডলার। গত সপ্তাহে থাইল্যান্ডে খাদ্যশস্যটির দাম ছিল টনপ্রতি ৫০০ থেকে ৫১৮ ডলার।










