নির্ধারিত রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে লেনদেনে ফিরবে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের দুই কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। একীভূতকরণের সিদ্ধান্তে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আহ্বান করা বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গত বৃহস্পতিবার কোম্পানি দুটির লেনদেন বন্ধ ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

উদ্যোক্তা প্রতিষ্ঠান পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার। এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুসারে এখন এ-সংক্রান্ত স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৬ আগস্ট সকাল সাড়ে ১০টা ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বৃহস্পতিবার।

এ একীভূতকরণ সম্পন্ন হলে পার্ল পেপার ও বিডি মনোস্পুলের টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি পাবে। হাইকোর্ট অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার আইন পরিপালন সাপেক্ষে এ একীভূতকরণ সম্পন্ন করতে চায় তালিকাভুক্ত কোম্পানিটি। এ বিষয়ে ব্যাংক, ঋণদাতা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থারও অনুমোদন নেবে তারা। 

অন্যদিকে খাতসংশ্লিষ্ট আরেক কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং সম্প্রতি মাগুরা পেপার মিলস লিমেটেডকে একীভূতকরণের সিদ্ধান্ত জানিয়েছে। এরই মধ্যে তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। হাইকোর্টের নির্দেশনা অনুসারে এখন এ-সংক্রান্ত স্কিমে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে ২৬ আগস্ট দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে ইজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বৃহস্পতিবার।

এ একীভূতকরণ সম্পন্ন হলে মাগুরা পেপার মিলস ও পেপার প্রসেসিংয়ের ব্যবসায় টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি পাবে। হাইকোর্ট অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার আইন পরিপালন সাপেক্ষে এ একীভূতকরণ সম্পন্ন করতে চায় তালিকাভুক্ত কোম্পানিটি। এ বিষয়ে ব্যাংক, ঋণদাতা ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থারও অনুমোদন নেবে তারা।