আকাশপথে ভ্রমণে নতুনত্ব আনার লক্ষ্য নিয়ে নতুন উড়োজাহাজ ব্যবহার শুরু করেছে আমেরিকান এয়ারলাইনস। সরু আকৃতির হলেও দূরপাল্লায় উড়তে সক্ষম এয়ারবাস এ৩২১এক্সএলআর মডেলের উড়োজাহাজ দিয়ে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনসগুলোর মধ্যে প্রথমবার যাত্রীবাহী ফ্লাইট চালু করেছে কোম্পানিটি। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড়াল দেয় এ ফ্লাইট।
এ৩২১এক্সএলআর একটি দূরপাল্লার ন্যারো বডি বা সরু কাঠামোর উড়োজাহাজ। এটি সর্বোচ্চ ৪ হাজার ৭০০ নটিক্যাল মাইল পর্যন্ত উড়তে সক্ষম। এ কারণে দেশী রুটের পাশাপাশি ৮ ঘণ্টার বেশি সময়ের আন্তর্জাতিক ফ্লাইটেও এটি ব্যবহার করা সম্ভব। ওয়াইড বডি উড়োজাহাজের তুলনায় এটির পরিচালন ব্যয় কম। আবার ছোট শহরের জন্য বড় উড়োজাহাজ পরিচালনা কঠিন হওয়ার পাশাপাশি ব্যয়বহুলও।
এসব সুবিধাকে কাজে লাগাচ্ছে আমেরিকান এয়ারলাইনস। কোম্পানিটির নেটওয়ার্ক অ্যান্ড স্কেডিউল প্ল্যানিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান জিনোটিনস বলেন, ‘নতুন উড়োজাহাজের ফ্লাইটে এমন অনেক গন্তব্য যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে, যেগুলো ওয়াইড বডির জন্য উপযুক্ত নয়। এটির সম্ভাব্য গন্তব্য হতে পারে ফ্রান্সের বোখঁদো ও মার্সেই, নরওয়ের অসলো, সুইডেনের স্টকহোম, ডেনমার্কের কোপেনহেগেন এবং স্পেনের মায়োর্কা ও সেভিল।’
আগামী মার্চে ইউরোপে এ উড়োজাহাজের যাত্রা শুরু করবে আমেরিকান এয়ারলাইনস। নিউইয়র্ক থেকে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে নিয়মিত ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।
উড়োজাহাজটির ভেতরের নকশায়ও জোর দিয়েছে এয়ারলাইনসটি। ১৫৫ আসনের মধ্যে বিজনেস ক্লাসে ২০টি, প্রিমিয়াম ইকোনমিতে ১২টি ও মূল কেবিনে ১২৩টি আসন রাখা হয়েছে। গাঢ় নীল ও ক্যারামেল রঙের ইন্টেরিয়রকে ‘আমেরিকানা’ থিমের প্রতি শ্রদ্ধার বর্হিপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন গ্রাহক অভিজ্ঞতা নকশা বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রোন্ডা ক্রফোর্ড।
আমেরিকান এয়ারলাইনস জানিয়েছে, প্রিমিয়াম যাত্রীর সংখ্যা বাড়ানোই কোম্পানিটির নতুন পদক্ষেপের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস শিল্পে মুনাফার বড় অংশ এখন এ শ্রেণীর যাত্রীদের কাছ থেকেই আসছে। এ প্রেক্ষাপটে এ৩২১এক্সএলআর উড়োজাহাজটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি শুধু একটি নতুন উড়োজাহাজ নয়। বরং কম ব্যয়ে দূরপাল্লার রুট চালুর মাধ্যমে ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশলের দ্বার উন্মোচন করছে। খবর সিএনবিসি









