পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড ও দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং বীমা খাতের অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের সভা বেলা ২টায়, দ্য সিটি ব্যাংকের সভা বেলা ৩টায় ও অগ্রণী ইন্স্যুরেন্সের সভা বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিগুলোর সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ আসতে পারে।

ব্র্যাক ব্যাংক: সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্র্যাক ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৭ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৬ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩২ টাকা ৭৭ পয়সায়।

দ্য সিটি ব্যাংক: সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে দ্য সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭৭ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৮৩ পয়সায়।

অগ্রণী ইন্স্যুরেন্স: সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৬০ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৫০ পয়সায়।