কভিড-১৯ মহামারীর কারণে আকাশভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বিভিন্ন দেশ। নভেল করোনাভাইরাসের প্রকোপের কারণে দীর্ঘ দুই বছর দক্ষিণ কোরিয়া ও জাপানের রাজধানীর মধ্যে ফ্লাইট চলাচল স্থগিত ছিল। সম্প্রতি মহামারীর প্রকোপ কিছুটা কমায় বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে। এর জের ধরে আবারো ফ্লাইট চলাচল শুরু হয়েছে দুই দেশের রাজধানীর মধ্যে। খবর কিয়োদো নিউজ।
দক্ষিণ কোরিয়ার দুটি উড়োজাহাজ পরিবহন সংস্থা কোরিয়ান এয়ার ও এশিয়ানা এয়ারলাইনস আবারো টোকিওতে ফ্লাইট চলাচল শুরু করেছে। জাপান থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল পর্যন্ত ফ্লাইট পরিষেবা চালু করেছে জাপানের দুটি উড়োজাহাজ পরিবহন সংস্থা জাপান এয়ারলাইনস ও অল নিপ্পন এয়ারওয়েজ। সিউলের গিমপো বিমানবন্দর থেকে টোকিওর হানেদা বিমানবন্দর পর্যন্ত সপ্তাহে মোট আট রাউন্ড ফ্লাইট পরিষেবা চলবে।
এ বিষয়ে এশিয়ানা এয়ারলাইনসের এক কর্মকর্তা কিম উন জং বলেন, আমি আশা করি ফ্লাইট পুনরায় চালু হওয়ার বিষয়টি নভেল করোনাভাইরাসের প্রকোপ থেকে উত্তরণে অনুঘটক হিসেবে কাজ করবে।








