গত সপ্তাহে সার্বিকভাবে দেশের পুঁজিবাজারে নিম্নমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গড় লেনদেন ও সব সূচক কমেছে। পাশাপাশি সপ্তাহজুড়ে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসই বেশির ভাগ শেয়ারের দরপতন হয়েছে। ফলে সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। এর মধ্যে বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা ১০ কোম্পানির মূলধন কমেছে প্রায় ৫ হাজার কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১৯৭ দশমিক ৯৯ পয়েন্ট বা ৩ দশমিক ১৩ শতাংশ কমেছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ১২৬ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ৩২৪ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৭৩ দশমিক শূন্য ২ পয়েন্ট বা ৩ দশমিক ২১ শতাংশ কমে প্রায় ২ হাজার ২০১ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ২৭৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ৩২ দশমিক ২৭ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ শতাংশ কমে ১ হাজার ৩৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৩৭৭ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২ হাজার ৭৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের তিন কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৯৬২ কোটি টাকার। সে হিসাবে সাপ্তাহিক লেনদেন ৮০৮ কোটি টাকা বা ৪১ দশমিক ১৮ শতাংশ বাড়লেও আলোচ্য সময়ে এক্সচেঞ্জটির গড় লেনদেন ১৫ দশমিক ২৯ শতাংশ কমেছে। গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে দৈনিক গড়ে ৫৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৬৫৪ কোটি টাকা।
এদিকে গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩ হাজার ১১৯ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে মূলধন ছিল ৫ লাখ ১৫ হাজার ৯৬০ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে ১২ হাজার ৮৪১ কোটি টাকা বা ২ দশমিক ৪৯ শতাংশ।
ডিএসইর মোট বাজার মূলধনের ৮ দশমিক ৭৯ শতাংশ নিয়ে গত সপ্তাহে শীর্ষে রয়েছে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় এ সময় কোম্পানিটির বাজার মূলধন কমেছে ২১৬ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৬৭ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে দশমিক ৫৫ শতাংশ।
বাজার মূলধনের দিক থেকে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ। গত সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩২ হাজার ১২৫ কোটি টাকায়, যা ডিএসইর মোট বাজার মূলধনের ৭ দশমিক ২৮ শতাংশ। আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩২ হাজার ৬৬৭ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির মূলধন কমেছে ৫৪২ কোটি টাকা বা ১ দশমিক ৬৬ শতাংশ।
৬ দশমিক ৪১ শতাংশ বাজার মূলধন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২৮ হাজার ২৬৩ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন ছিল ২৯ হাজার ৭৩ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৮১০ কোটি টাকা বা ২ দশমিক ৭৯ শতাংশ।
বাজার মূলধনের দিক থেকে গত সপ্তাহে চতুর্থ অবস্থানে রয়েছে দেশের ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এক্সচেঞ্জটির মোট মূলধনের ৪ দশমিক ২৬ শতাংশই ছিল কোম্পানিটির দখলে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১০ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৩২ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ২২১ কোটি টাকা বা ১ দশমিক ১৬ শতাংশ।
বাজার মূলধনের দিক থেকে গত সপ্তাহে পঞ্চম অবস্থানে রয়েছে টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির বাজার মূলধন কমেছে ৯৯৫ কোটি টাকা বা ৫ দশমিক ৬৪ শতাংশ। গত সপ্তাহের শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৬ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ১৭ হাজার ৬৫১ কোটি টাকা।
বাজার মূলধনের দিক থেকে পরের অবস্থানে রয়েছে ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা লিমিটেড। কোম্পানিটির বাজার মূলধন গত সপ্তাহে ২১৬ কোটি টাকা বা ১ দশমিক ৫৩ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৪ হাজার ১২ কোটি টাকায়। আগের সপ্তাহ শেষে যা ছিল ১৪ হাজার ২২৯ কোটি টাকা।
বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ইউপিজিডিসিএল) বাজার মূলধনের দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটির মূলধন ৫৩৯ কোটি টাকা বা ৩ দশমিক ৭৫ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৩ হাজার ৮২৫ কোটি টাকায়। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ১৪ হাজার ৩৬৪ কোটি টাকা।
পরের অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের বাজার মূলধন গত সপ্তাহ শেষে ১০ হাজার ২১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। যেখানে আগের সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন ছিল ১১ হাজার ২১৬ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৯৯৯ কোটি টাকা বা ৮ দশমিক ৯১ শতাংশ।
বাজার মূলধনের দিক থেকে নবম অবস্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৮ হাজার ৯৩ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে বাজার মূলধন ছিল ৮ হাজার ৪৬ কোটি টাকা। সেই হিসাবে সপ্তাহের ব্যবধানে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৪৬ কোটি টাকা বা দশমিক ৫৮ শতাংশ।
বাজার মূলধনের দিকে থেকে শীর্ষ দশ কোম্পানির সর্বশেষে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির বাজার মূলধন কমেছে ১৯৭ কোটি টাকা বা ৩ দশমিক ৮৬ শতাংশ। গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ৮ হাজার ২৫১ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭ হাজার ৯৪৫ কোটি টাকা।










