চলতি সপ্তাহের তিন কার্যদিবসে ১০ শতাংশের বেশি দর হারিয়েছে এ বছর পুঁজিবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। এতে সাপ্তাহিক দর হারানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্যাংকটির শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, চলতি সপ্তাহে ডিএসইতে মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ৮৬ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৬৬৭ টাকা। সর্বশেষ ডিএসইতে কোম্পানিটির শেয়ার ১১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মিডল্যান্ড ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৮ কোটি ৯২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা মুনাফা ছিল ৪৫ কোটি ৪৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ২৬ কোটি ৫৬ লাখ টাকা বা ৫৮ দশমিক ৪০ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা হয়েছে ৩০ পয়সা। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ৮০ পয়সা। 

এদিকে ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৩৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ কোটি ৪৩ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সর্বশেষ তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা কমেছে ১ কোটি ৬ লাখ টাকা বা ১০ দশমিক ১৮ শতাংশ।