কয়েক বছরের টানা চাঙ্গা ভাবের পর ২০১৭ সালে আর্জেন্টিনার ভুট্টা রফতানি খাতে মন্দা ভাব দেখা গিয়েছিল। তবে পরের বছরই দেশটি ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা রফতানির রেকর্ড করে। এ অর্জন বেশিদিন স্থায়ী হয়নি। গত বছর ফের মন্দার মুখে পড়েছে আর্জেন্টিনার ভুট্টা রফতানি খাত। এ সময় দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমেছে প্রায় ৭ শতাংশ। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

ভুট্টা রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে আর্জেন্টিনা থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২ কোটি ২৪ লাখ ৭৩ হাজার টন ভুট্টা রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৫২ শতাংশ কম।

তবে ২০১৮ সালে আর্জেন্টিনা থেকে ভুট্টা রফতানি আগের বছরের তুলনায় ৬০ দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ কোটি ৬০ লাখ টনে। দেশটির ইতিহাসে এটাই সবচেয়ে বেশি ভুট্টা রফতানির রেকর্ড।

আর ২০১৯ সালে আর্জেন্টিনা থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ৩৫ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৯৪ শতাংশ কম। অর্থাৎ, এক বছরে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমেছে ২৫ লাখ টন।