ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সহযোগী প্রতিষ্ঠান আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাধীনে পরিচালিত ফান্ডগুলোর মধ্যে অন্যতম প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ড। এ ফান্ডের উদ্যোক্তা প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ১ কোটি ৮০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ ঘোষণা দিয়েছেন তিনি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এমসিএল মিউচুয়াল ফান্ডের মোট দুই কোটি ইউনিট উদ্যোক্তা প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছে রয়েছে, যা থেকে ১ কোটি ৮০ লাখ ইউনিট ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল ও ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে বিক্রি করা হবে। 

১০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ১০ কোটি। এর মধ্যে ২০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে।