ভারতে প্রতিকূল আবহাওয়ার ধাক্কা শুধু পেঁয়াজের বাজারে নয় বরং ডালের বাজারেও লেগেছে। সরবরাহ সংকট থেকে বাড়তির দিকে রয়েছে মুগ ও মাষকলাই ডালের দাম। খাতসংশ্লিষ্টদের ধারণা, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার আগে পর্যন্ত ডালের সরবরাহ আগের অবস্থানে ফেরার সম্ভাবনা কম। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে বাড়তির দিকে থাকতে পারে পণ্য দুটির দাম। খবর বিজনেস লাইন।

মধ্যপ্রদেশের পাইকারি বাজার মান্দিতে গতকাল প্রতি কুইন্টাল ভালোমানের মাষকলাই ডাল বিক্রি হয় ৭ হাজার ৫০০ (ভারতীয় মুদ্রা) থেকে ৮ হাজার রুপির মধ্যে। কিছুটা নিম্নমানের মাষকলাই ডাল বিক্রি হয় কুইন্টালপ্রতি ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ রুপির মধ্যে।

স্থানীয় ডাল বিক্রেতা সঞ্জয় আগারওয়াল বলেন, কিছুদিন থেকেই মান্দির পাইকারি বাজারে মাষকলাই ডালের সরবরাহ কমে এসেছে। বাড়তে শুরু করেছে দাম। গত কয়েক দিনে পণ্যটির দাম কুইন্টালপ্রতি ১ হাজার রুপি বেড়েছে।

এদিকে গতকাল মান্দির পাইকারি বাজারে সবচেয়ে ভালো মানের প্রতি কুইন্টাল মুগডাল ৭ হাজার থেকে ৭ হাজার ৫০০ রুপিতে বিক্রি হতে দেখা যায়। গ্রীষ্মকালে উৎপাদিত ভালো মানের প্রতি কুইন্টাল মুগডাল বিক্রি হয় ৬ হাজার ৮০০ থেকে ৭ হাজার ২০০ রুপিতে। এ সময় মাঝারি মানের মুগডালের দাম ছিল কুইন্টালপ্রতি ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার রুপির মধ্যে। আর প্রতি কুইন্টাল সাধারণ মানের মুগডাল বিক্রি হয় ৪-৫ হাজার রুপিতে।