হংকংয়ে বেসরকারি বাড়ির দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরে শহরটিতে বাড়ির দাম আগের মাসের তুলনায় ২ দশমিক ১ শতাংশ কমেছে। এ দাম ২০১৯ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। ক্রমবর্ধমান সুদের হার ও হতাশাবাদী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে বাড়ির দাম নিম্নমুখী রয়েছে। খবর রয়টার্স।
গতকাল প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, গত মাসে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারের একটিতে বাড়ির দাম ২ দশমিক ১ শতাংশ কমেছে। এর আগে আগস্টে বাড়ির দাম সংশোধিত ১ দশমিক ৯ শতাংশ পতন হয়েছিল। রিয়েল এস্টেট মূল্য সূচক সেপ্টেম্বরে ৩৬২ দশমিক ১ পয়েন্টে নেমেছে। এ সূচক গত বছরের সেপ্টেম্বরের ৩৯৮ দশমিক ১ পয়েন্টের রেকর্ড থেকে ৯ শতাংশ কম। চলতি বছরের প্রথম নয় মাসে এশিয়ার আর্থিক কেন্দ্রটিতে বাড়ির দাম ৮ দশমিক ১ শতাংশ কমেছে। হংকংয়ের ব্যাংকগুলো গত মাসে সুদের হার ১২ দশমিক ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে, যা চার বছরের মধ্যে প্রথম বৃদ্ধি।










