চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে থেকে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট আলোচনার জন্য প্রস্তাবনা জমা দেয়ার জন্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও এনবিআরের ভ্যাটের প্রথম সচিবের কাছে মেইলের মধ্যে এসব প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে। 

রোববার (২৮ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বাজেট প্রস্তাব ফেব্রুয়ারি মাসের ৪ তারিখের মধ্যে জমা দেয়ার জন্য বলা হয়েছে। এছাড়া যে সকল প্রতিষ্ঠান, সংস্থা বা দফতর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও সরাসরি উক্ত ইমেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

বিজ্ঞপ্তিতে এনবিআর আরো জানিয়েছে, অংশগ্রহণমূলক, গণমুখী, শিল্প, ব্যবসা, করদাতাবান্ধব এবং রাজস্ব সম্ভাবনাময় সুষম বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের সম্মানিত করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রস্তাব আহ্বান ও তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা অনুষ্ঠান করে আসছে। আসন্ন ২০২৪-২০২৫ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। জাতীয় রাজস্ব বোর্ড প্রাপ্ত প্রস্তাবসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।