নভেল করোনাভাইরাস মহামারীর কারণে সাময়িক স্থগিত হয়ে যাওয়া চাল রফতানি কার্যক্রম পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। দেশটির প্রধানমন্ত্রী নিগুয়েন জুয়ান ফু গতকাল এক বিবৃতিতে দেশটির এ নীতিগত অবস্থানের কথা জানান। এর আগে চাল রফতানির ওপর প্রথমে সাময়িক স্থগিতাদেশ ও পরবর্তী সময়ে রফতানি কোটা বেঁধে দিয়েছিল দেশটি। মূলত মহামারীর কারণে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয় ভিয়েতনাম। খবর রয়টার্স ও সিনহুয়া।

দেশটির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ১ মে থেকে চাল রফতানি কার্যক্রম পুরোদমে শুরু করবে ভিয়েতনাম। ভিয়েতনামের মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের পক্ষ থেকে সম্প্রতি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো একটি চিঠিতে চাল রফতানি পুনরায় পুরোদমে শুরু করা ও কোটা তুলে নেয়ার অনুরোধ করা হয়। এর জের ধরে দেশটির প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।

ভিয়েতনাম বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক দেশ। নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত মাসের মাঝামাঝি চাল রফতানি সাময়িক বন্ধ করে দেয় তারা। পরে এ অবস্থান থেকে সরে এলেও এপ্রিল-মে মাসে রফতানির জন্য চার লাখ টনের কোটা বেঁধে দেয়া হয়েছিল। যদিও তা বাড়িয়ে পাঁচ লাখ টনে উন্নীত করে ভিয়েতনাম সরকার।

তবে এর মধ্যেও সংকটের কারণে নতুন রফতানি চুক্তি সই থেকে বিরত ছিলেন দেশটির চাল রফতানিকারকরা। এখন রফতানির ওপর থেকে সব ধরনের প্রতিবন্ধকতা তুলে নেয়ায় আগামীতে ভিয়েতনামের চাল রফতানি স্বাভাবিক গতি ফেরত পাবে বলে আশা করছেন খাতসংশ্লিষ্টরা।