এ অংশীদারত্বের আওতায় ব্যাংকটির কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং গ্রাহকদের বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, এ অংশীদারত্বের আওতায় প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ, কর্মক্ষেত্রে কার্যকর সক্ষমতা বাড়ানো এবং পেশাগত দক্ষতা উন্নয়ন-বিষয়ক প্রশিক্ষণ। পাশাপাশি প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্য গ্রাহকরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত বিভিন্ন সেবায় বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রধান শায়লা আবেদিন। ব্রিটিশ কাউন্সিলের পক্ষে ছিলেন ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক; হেড অব মার্কেট-বাংলাদেশ জুনায়েদ আহমেদ; ডিরেক্টর-বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন) শেহরিন শিবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও ফয়সাল রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগই সবচেয়ে অর্থবহ বিনিয়োগ। ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন উদ্যোগের মাধ্যমে আমরা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবাই শিক্ষা অর্জন, বিকাশ এবং নিজের সক্ষমতা বাড়াতে সমান সুযোগ পাবেন। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এ অংশীদারত্ব সেই অঙ্গীকারেরই প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমাদের কর্মীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন, যা তাদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে আরো ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়তা করবে। একই সঙ্গে গ্রাহকদেরও বিশেষ সুযোগ দিতে পেরে আমরা আনন্দিত, যা ব্যাংকিং সেবার বাইরে আরো অর্থবহ সেবা নিশ্চিতে ব‌্যাংকের প্রতিশ্রুতিকে বেগবান করবে।’

ব্রিটিশ কাউন্সিলের হেড অব মার্কেট বাংলাদেশ (ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস) জুনায়েদ আহমেদ বলেন, ‘সাত দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে ইংরেজি ভাষা শিক্ষার প্রসার ও বৈশ্বিক সুযোগের দ্বার উন্মুক্ত করতে কাজ করছে। প্রাইম ব্যাংকের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে আমাদের সেই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হলো একটি অগ্রসরমান আর্থিক প্রতিষ্ঠানের সমর্থন। একই সঙ্গে তাদের কর্মপরিবেশে ইংরেজি ভাষা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।’ এ কৌশলগত অংশীদারত্ব যৌথভাবে সক্ষমতা উন্নয়নের পথে অনেক ইতিবাচক উদ্যোগের সূচনা করবে বলেও মনে করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সহযোগিতা প্রাইম ব্যাংক ও ব্রিটিশ কাউন্সিলের চলমান শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং ধারাবাহিক পেশাগত উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে আরো সুদৃঢ় করেছে।