চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে ৪৭ শতাংশেরও বেশি। জীবন বীমা কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়েছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রস প্রিমিয়াম আয় হয়েছে ৩৪৬ কোটি ৭৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৩৫ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির গ্রস প্রিমিয়াম আয় বেড়েছে ৪৭ দশমিক ২৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পাটির বিনিয়োগ আয় হয়েছে ৫৩৭ কোটি ৮১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮৯ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির বিনিয়োগ আয় বেড়েছে ৮৫ দশমিক ৫৪ শতাংশ। 

চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির জীবন বীমা তহবিল বেড়েছে ১৫৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে বেড়েছিল ১০২ কোটি ৯৯ লাখ টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানির মোট জীবন বীমা তহবিলে আকার দাঁড়িয়েছে ৭৫৯ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪০০ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির মোট জীবন বীমা তহবিল বেড়েছে ৩৫৯ কোটি ৩২ লাখ টাকা বা ৮৯ দশমিক ৮৩ শতাংশ। 

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি।