নারকেল তেল উৎপাদনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় শ্রীলংকার অবস্থান সপ্তম। তবে পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দেশটি পঞ্চম অবস্থানে রয়েছে। গত বছর শ্রীলংকা থেকে নারকেল তেল রফতানিতে প্রবৃদ্ধির দেখা মিলেছিল। তবে চলতি বছর শ্রীলংকার নারকেল তেল রফতানি এক-পঞ্চমাংশ কমতে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
ইউএসডিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে শ্রীলংকার ইতিহাসে সবচেয়ে বেশি ২৩ হাজার টন নারকেল তেল রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫৫ শতাংশ বেশি। পরের বছর দেশটি থেকে পণ্যটির রফতানি ১৩ দশমিক ৪ শতাংশ কমে ২০ হাজার টনে নেমে আসে।
ওই সময় টানা তিন বছর শ্রীলংকার নারকেল তেল রফতানিতে মন্দা ভাব বজায় ছিল। তবে ২০১৯ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২০ হাজার টন নারকেল তেল রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি।
তবে চলতি বছর শ্রীলংকার নারকেল তেল রফতানিতে ফের মন্দা ভাব ফিরে আসতে পারে। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে শ্রীলংকা থেকে নারকেল তেল রফতানি আরো এক-পঞ্চমাংশ বা ২০ শতাংশ কমে ১৬ হাজার টনে নেমে আসার সম্ভাবনা রয়েছে।










