শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১২টি শিল্পপ্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ দেয়া হবে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কারের জন্য নির্বাচিতদের হাতে স্বর্ণখচিত ক্রেস্ট, টাকা ও সম্মাননাপত্র তুলে দেবেন।

এবার শিল্প মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত ১২ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে তিনটি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে দুই, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে তিন, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে এক, কুটির শিল্প ক্যাটাগরিতে এক এবং হাই-টেক শিল্প ক্যাটাগরিতে দুটি। চলতি বছর হস্ত ও কারুশিল্প ক্যাটাগরিতে কোনো প্রতিষ্ঠান মনোনীত হয়নি।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে রানার অটোমোবাইলস লিমিটেড, দ্বিতীয় হয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিক্স লি., এবং তৃতীয় হয়েছে বিএসআরএম স্টিলস লি.। মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে নিতা কোম্পানি লি. এবং দ্বিতীয় হয়েছে নোমান টেরি টাওয়াল মিলস লি., ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে হযরত আমানত শাহ স্পিনিং মিলস লি., দ্বিতীয় হয়েছে বসুমতি ডিস্ট্রিবিউশন লি. এবং তৃতীয় হয়েছে টেকনো মিডিয়া লি.।

মাইক্রো শিল্প ক্যাটাগরিতে শুধু একটি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে, গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লি.। কুটির শিল্প ক্যাটাগরিতে শুধু একটি প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সামসুন্নাহার টেক্সটাইল মিলস এবং হাই-টেক শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি. এবং দ্বিতীয় হয়েছে সুপার স্টার ইলেক্ট্রিক্যাল অ্যাকসেসরিজ লি.।

প্রথম পুরস্কার হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা ও ২৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট, দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ২ লাখ টাকা ও ২০ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট এবং তৃতীয় পুরস্কার হিসেবে প্রত্যেককে ১ লাখ টাকা ও ১৫ গ্রাম স্বর্ণখচিত ক্রেস্ট দেয়া হচ্ছে। স্বর্ণের ক্রেস্টগুলো ১৮ ক্যারেট মানের স্বর্ণ দ্বারা নির্মিত। এছাড়া পুরস্কারপ্রাপ্ত সবাইকে সম্মাননাপত্র দেয়া হবে।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী মো. আবদুর রাজ্জাক, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। স্বাগত বক্তব্য রাখবেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।