ভিয়েতনামে যন্ত্রাংশ উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা বিওয়াইডি। চীনের ওপর নির্ভরতা কমিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে চাইছে সংস্থাটি। মূলত বিশ্বজুড়ে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেয়া হচ্ছে। পরিকল্পনার সঙ্গে যুক্ত তিনটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিওয়াইডি।

একটি সূত্র জানিয়েছে, ভিয়েতনামের উত্তরাঞ্চলে যন্ত্রাংশ উৎপাদন কারখানায় বিওয়াইডির বিনিয়োগ ২৫ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সংস্থাটির মূল প্রতিষ্ঠান বিওয়াইডি কোম্পানিও দেশটিতে কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সংস্থাটির ইলেকট্রনিক ইউনিট সেখানে সৌর প্যানেল উৎপাদন করে। এটি অন্যান্য প্রতিষ্ঠানের নেয়া পদক্ষেপকেও প্রতিনিধিত্ব করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উত্তেজনা এবং বেইজিংয়ের কঠোর কভিডজনিত বিধিনিষেধের কারণে অনেক প্রতিষ্ঠানই চীননির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে। সংস্থাগুলো দক্ষিণ-পূর্ব এশিয়ায় সরবরাহ ব্যবস্থা গড়ে তুলছে। তবে ভিয়েতনামে বিনিয়োগ নিয়ে রয়টার্সের অনুরোধে কোনো মন্তব্য জানায়নি বিওয়াইডি।

চীনের শিয়ানভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি গত বছর বিক্রিতে প্রতিদ্বন্দ্বী টেসলাকে পরাজিত করেছে। সংস্থাটি এখন সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড ও ইউরোপসহ এশিয়ার দেশগুলোয় কার্যক্রম সম্প্রসারণ করছে। বিওয়াইডি প্ল্যাগ-ইন হাইব্রিড ও সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ি উভয়ই উৎপাদন করে। টেসলার মতো বিওয়াইডি ব্যাটারি উৎপাদনসহ সরবরাহ ব্যবস্থার বেশির ভাগই নিয়ন্ত্রণ করে। এটি অন্যান্য প্রতিষ্ঠিত গাড়ি নির্মাতাদের চেয়ে সম্পূর্ণ আলাদা কৌশল।

এর আগে গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে ইভি সংযোজনের ঘোষণা দিয়েছিল বিওয়াইডি। দেশটিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম উৎপাদন হাব গড়ে তোলার লক্ষ্য প্রতিষ্ঠানটির। এ লক্ষ্যে সংস্থাটি মোট ১ হাজার ৭৯০ কোটি বাথ (৪৮ কোটি ৮০ লাখ ডলার) বিনিয়োগ করবে। সংস্থাটি রেয়ং প্রদেশে ১১২ হেক্টর জমি কিনবে। এরই মধ্যে দেশটির রিয়েল এস্টেট ডেভেলপার ডব্লিউএইচএর সঙ্গে বিওয়াইডির চুক্তিও স্বাক্ষর হয়েছে।

ভিয়েতনামে বিনিয়োগের মাধ্যমে বিওয়াইডি মূলত সক্ষমতা বাড়াতে চাইছে। পাশাপাশি খরচ নিয়ন্ত্রণ এবং উৎপাদনে বৈচিত্র্য আনার লক্ষ্য সংস্থাটির। একটি সূত্র জানায়, ভিয়েতনামে কারখানা স্থাপনের জন্য জমি নির্বাচনের আলোচনা চলছে। চলতি বছরের মাঝামাঝি নাগাদ কারখানা নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। তবে সেখানে কী ধরনের যন্ত্রাংশ উৎপাদন করা হবে এবং সেখানে ব্যাটারি বা ব্যাটারি প্যাক অন্তর্ভুক্ত থাকবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

আরেকটি সূত্র জানিয়েছে, বিওয়াইডি ৮০ হেক্টর (২০০ একর) শিল্প জমি ইজারা নিতে চাইছে। এতে ভিয়েতনামে প্রতিষ্ঠানটির পদচিহ্ন দ্বিগুণেরও বেশি হবে। সংস্থাটির ইলেকট্রনিক ইউনিট ৬০ হেক্টর জমি ইজারা নিয়ে কার্যক্রম চালাচ্ছে। ভিয়েতনামের কারখানা থেকে মূলত থাইল্যান্ডে নির্মিতব্য কারখানায় যন্ত্রাংশ রফতানি করা হবে। পাশাপাশি স্থানীয় বাজারের চাহিদাও পূরণ করা হবে। যেমন চীন থেকে আমদানি করা গাড়ির রক্ষণাবেক্ষণ পরিষেবা ও খুচরা যন্ত্রাংশ কারখানাটি থেকে সরবরাহ করা হবে।

১৯৯৫ সালে রিচার্জেবল ব্যাটারি প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠিত বিওয়াইডি এখন বিশ্বজুড়ে ইভি নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছে। এরই মধ্যে সংস্থাটি বিশ্বের শীর্ষ ইভি নির্মাতাদের একটিতে পরিণত নিয়েছে। বিশ্বের ৩০টিরও বেশি শিল্প পার্কে উপস্থিতি রয়েছে বিওয়াইডির। ইলেকট্রনিকস, অটোমোবাইল, নতুন জ্বালানি ও রেল ট্রানজিটের মতো খাতগুলোয় ব্যবসা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।