গতকাল সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন সূচক বাড়ার পাশাপাশি এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ৯টায় লেনদেন শুরুর পর থেকেই বাজারে অস্থিরতা দেখা গিয়েছে। দিনের এক পর্যায়ে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সের আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট বাড়লেও শেষ পর্যন্ত তা রাখতে পারেনি। দিনশেষে ২২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪১০ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৩৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ২৪৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪০১ পয়েন্টে অবস্থান করছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৯৯ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের শেয়ারের।

ডিএসইতে গতকাল ১ হাজার ৫১২ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে এর আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৪৬২ কোটি টাকা। গতকালের চেয়ে বেশি লেনদেন ছিল চলতি বছরের ২ অক্টোবর, ১ হাজার ৫৩৩ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৮৪টির, কমেছে ৮২টির আর অপরিবর্তিত ছিল ২০২টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বিবিধ খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১৩ দশমিক ৪ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে তথ্যপ্রযুক্তি খাত। মোট লেনদেনের ৭ দশমিক ৯ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল প্রকৌশল খাত। আর বিদ্যুৎ ও জ্বালানি খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৪ শতাংশ। গতকাল পুঁজিবাজারে পাট খাতে সবচেয়ে বেশি ৫ দশমিক ৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে ২ শতাংশ নেতিবাচক রিটার্নের ভিত্তিতে শীর্ষে ছিল কাগজ ও মুদ্রণ খাত।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৮৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৩৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ২৭০ পয়েন্টে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ১৪০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৮০৫ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ৫৩টির আর অপরিবর্তিত ছিল ১১৭টির বাজারদর। গতকাল সিএসইতে ২৬ কোটি ৯৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৪ কোটি ১৩ লাখ টাকায়।