বাসমতি ছাড়া অন্য চাল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড।
গত সেপ্টেম্বরের শুরুর দিকে ভারত চাল রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। এ ছাড়া অভ্যন্তরীণ সরবরাহ বাড়ানোর জন্য সিদ্ধ চাল ছাড়া বাসমতি চালের ওপর ২০ শতাংশ রফতানি শুল্ক আরোপ করেছিল কেন্দ্র সরকার। সম্ভবত এখন সরকারি মজুদ ও দেশের বাজারে সরবরাহ সুনিশ্চিত হওয়ায় এই নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে।
চলতি বছর খরিফ মৌসুমে বৃষ্টিপাত দেরিতে হওয়ার কারণে গত বছরের তুলনায় ফলন কম হয়েছে। সরকারের আশঙ্কা ছিল, এমন পরিস্থিতিতে বাজারে চাহিদার তুলনায় চাল কম থাকায় দাম বেড়ে যেতে পারে।
চলতি বছর দেশের বেশিরভাগ স্থানে জুন মাসে সেভাবে বৃষ্টি শুরু হয়নি। তাছাড়া জুলাইতে বহু স্থানে অনিয়মিত বৃষ্টিপাত হয়। ফলে তুলনামূলকভাবে অনেক কম জমিতে চাষ করা গিয়েছে। খরিফ শস্য অক্টোবর-নভেম্বর নাগাদ তোলা হয়।










