চীনের নতুন ডিজিটাল কোটিপতিদের প্রলুব্ধ করতে দেশটিতে প্রাইভেট ব্যাংকিং নেটওয়ার্ক প্রসারিত করেছে এইচএসবিসি। চীনের বৃহৎ দুটি শহর চেংদু ও হাংজুতে ব্রিটিশ মাল্টিন্যাশনাল ব্যাংকটি তাদের কার্যক্রম শুরু করেছে। ব্যাংকটির লক্ষ্য চীনের স্থানীয় বাজারের একটি বড় অংশ দখল করা। খবর রয়টার্স।
ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়, এইচএসবিসি চীনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তৈরি হওয়া সুযোগগুলো অন্বেষণের পরিকল্পনা করছে। ব্যাংকটির বিদ্যমান শাখাগুলো চীনের পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে উচ্চ আয়ের ব্যক্তিদের বসবাস।
২০২১ সালে ৬২ লাখ থেকে ২০২৬ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে কোটিপতির সংখ্যা দ্বিগুণ ১ কোটি ২২ লাখে উন্নীত হবে বলে অনুমান করা হচ্ছে। সুইস ব্যাংকের প্রতিবেদন অনুসারে, সম্পদের বৈষম্য কমাতে বেইজিংয়ের জাতীয় প্রচেষ্টার পাশাপাশি অর্থনীতির ধীরগতি সত্ত্বেও চীনে কোটিপতিদের সংখ্যা বেড়ে চলেছে।
এইচএসবিসি চীনের পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে সম্পদ ব্যবস্থাপনার জোরালো চাহিদা তৈরি হবে বলে মনে করছে। এখানে ২ কোটি ১০ লাখেরও বেশি লোকের বসবাস। এইচএসবিসি এরই মধ্যে বেইজিং, সাংহাই, গুয়াংজু ও শেনজেনে বেসরকারি ব্যাংক সেবা চালু করেছে।
এইচএসবিসি চায়নার গ্লোবাল প্রাইভেট ব্যাংকিংয়ের প্রধান জ্যাকি মাউ এক বিবৃতিতে বলেন, হ্যাংজুর ডিজিটাল অর্থনীতির জোরালো বিকাশ থেকে ধনী ও অতি ধনিক শ্রেণীর উদ্ভব হওয়ায় এখানে আন্তর্জাতিক সম্পদ ব্যবস্থাপনার চাহিদাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চীনের টেক জায়ান্ট আলিবাবা ও এর আর্থিক সহযোগী অ্যান্ট গ্রুপ উভয়েরই সদর দপ্তর অবস্থিত হ্যাংজুতে। এটি দুটি শহরের মধ্যে একটি যেখানে চীনের ডিজিটাল অর্থনীতির বিকাশের ফলে সৃষ্ট বিপুলসংখ্যক উচ্চ আয়ের ব্যক্তিদের বসবাস।










