দেশের নারী সমাজকে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক এসএমই নারী উদ্যোক্তাদের ৬ শতাংশ সুদে ঋণ দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। বর্তমানে যেখানে ৯ শতাংশ সুদ রয়েছে। আজ এক সভায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

গতকাল দুপুরে ময়মনসিংহে ‘নারী উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) প্রকল্প পরিচালক একেএম ফজলুর রহমান। ময়মনসিংহ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুসি আক্তারী মহলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বিধার সাহা ও প্রশান্ত মোহন চক্রবর্তী।