ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী ‘ব্যবস্থাপক সম্মেলন ২০২৬’ শনি ও রোববার অনুষ্ঠিত হয়েছে। এতে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কৌশল নির্ধারণ করা হয়। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাশেম মো. শিরিনের সভাপতিত্বে এ সম্মেলনে ব্যাংকের ২৪৩টি শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, বিভাগীয় প্রধান এবং ক্লাস্টার প্রধানরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে এমডি আবুল কাশেম মো. শিরিন ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি বিগত বছরে ২ হাজার ৭০৪ কোটি টাকা পরিচালন মুনাফা এবং লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শাখা ব্যবস্থাপক ও তাদের সহকর্মীদের অভিনন্দন জানান।
সর্ববৃহৎ অনলাইন ব্যাংকিং, ফাস্ট ট্রাক, এটিএম, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, পিওএস টার্মিনাল এবং নেক্সাস-পে নেটওয়ার্ক কাজে লাগিয়ে ব্যাংকের ব্যবসা বৃদ্ধি করতে মনোযোগী হওয়ার জন্য শাখা ব্যবস্থাপকদের প্রতি আহ্বান জানান আবুল কাশেম মো. শিরিন। এছাড়া গ্রাহকসেবার মানোন্নয়নের জন্যও নির্দেশনা দেন। তিনি করপোরেট বিজনেসের পাশাপাশি রিটেইল ও এসএমই বিজনেস বৃদ্ধি করার পরামর্শ দেন।
এ সময় তিনি বলেন, ‘একটি ব্যাংকের মূল শক্তি ও সাফল্যের ভিত্তি হলো মানসম্মত গ্রাহকসেবা। আর উৎকৃষ্ট গ্রাহকসেবা নিশ্চিত করতে হলে ব্যাংক কর্মকর্তাদের নিজেদের কার্যক্রম সম্পর্কে সুদৃঢ় জ্ঞান থাকতে হবে, গ্রাহকের প্রয়োজন ও প্রত্যাশা স্পষ্টভাবে বুঝতে হবে এবং সেবাদানে সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করতে হবে।’
ব্যাংকের এমডি জোর দিয়ে বলেন, ‘শাখা ব্যবস্থাপকদের দায়িত্ব হলো গ্রাহকদের জন্য ধারাবাহিকভাবে উচ্চমানের ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা, যাতে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা-সন্তুষ্টি আরো দৃঢ় হয়।’
সম্মেলনে শাখা ব্যবস্থাপকরা তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ২০২৬ সালের বাজেটের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।—বিজ্ঞপ্তি










