বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের দিকে যাচ্ছে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি সিসকো। সম্প্রতি দেয়া ঘোষণা অনুযায়ী, বিশ্বব্যাপী ৪ হাজার ২৫০ কর্মীকে ছাঁটাই করবে কোম্পানিটি, যা মোট কর্মশক্তির ৫ শতাংশ। ব্যয় সংকোচন ও কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এমন পদক্ষেপ বলে জানিয়েছে সিসকো কর্তৃপক্ষ। খবর সিএনবিসি।

কভিড-১৯ মহামারীর প্রভাব স্বাভাবিক হতে শুরু করলে বড় ধরনের আঘাত আসে বৈশ্বিক প্রযুক্তি খাতে। ফলে প্রায় দুই বছর ধরে অব্যাহতভাবে কর্মী ছাঁটাই করে আসছে এ খাতের কোম্পানিগুলো।

চলতি বছরের জানুয়ারি ছিল প্রযুক্তি খাতের কর্মী ছাঁটাইয়ে সবচেয়ে ব্যস্ততম মাস। মাসটিতে অ্যালফাবেট, অ্যামাজন, মাইক্রোসফট, ইবে ও এসএপির মতো কোম্পানিগুলো কর্মসংস্থানের পরিধি কমানোর ঘোষণা দিয়েছে।

লে-অফসডটফি ওয়েবসাইটের তথ্যানুসারে, চলতি বছর এ পর্যন্ত ১৪৪টি প্রযুক্তি কোম্পানি প্রায় ৩৫ হাজার কর্মী ছাঁটাই করেছে।

নেটওয়ার্কিং হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতা সিসকো বলছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রধান অগ্রাধিকার খাতগুলোয় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।

দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আয়ের প্রতিবেদন প্রকাশ করে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা চাক রবিনস বলেন, ‘‌ভবিষ্যতে বিকাশের সুযোগ আছে, এমন সম্ভাবনাময় খাতে আমরা আমাদের বিনিয়োগ পরিকল্পনা করার চেষ্টা করছি।’ 

তিনি আরো বলেন, ‘‌আমাদের উদ্ভাবন একটি ক্রমবর্ধমান সংযুক্ত ইকোসিস্টেমের কেন্দ্রে রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাহক আমাদের এআই প্রযুক্তি গ্রহণ করছে এবং তাদের প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

সিসকোর বার্ষিক প্রতিবেদন অনুসারে, বিশ্বজুড়ে প্রায় ৮৫ হাজার কর্মী রয়েছে কোম্পানিটির। নতুন ঘোষণার ফলে মোট কর্মশক্তির চার হাজারের বেশি কর্মী প্রভাবিত হতে যাচ্ছে। সিসকো ইঙ্গিত দিয়েছে, ছাঁটাই প্রক্রিয়া চলতি বছর শুরু হবে এবং পরের বছর পর্যন্ত চলতে থাকবে। এসব কর্মীকে বিদায় জানানোর বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে মোট প্রায় ৮০ কোটি ডলার খরচ হবে বলেও জানিয়েছে সিসকো কর্তৃপক্ষ।

সাম্প্রতিক বছরগুলোয় আয় কমে আসায় ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করে যাচ্ছে প্রযুক্তি খাতের কোম্পানিটি। পাশাপাশি বিকাশমান এআই শিল্পের দিকেও মনোনিবেশ করেছে। গত বছরের এক ঘোষণায় সিসকো জানিয়েছে, ২ হাজার ৮০০ কোটি ডলার মূল্যের একটি চুক্তিতে মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটি কোম্পানি স্প্লাঙ্ককে অধিগ্রহণ করবে তারা।

সেপ্টেম্বরে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সিসকো জানায়, দুই কোম্পানির সংমিশ্রণ এআইয়ের যুগে নেতৃত্ব দেয়ার জন্য তাদের সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে।

গত সপ্তাহের ঘোষণা অনুযায়ী, বছরওয়ারি দ্বিতীয় প্রান্তিকে সিসকোর আয় ৬ শতাংশ কমেছে। একই সময়ের মধ্যে শেয়ারপ্রতি আয় কমেছে ৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানিটি জানিয়েছে, বর্ধিত লেনদেনের কারণেই তাদের শেয়ার প্রায় ৯ শতাংশ কমেছে।