বাহরাইনের রফতানি নিম্নমুখী হয়েছে। গত মাসে মধ্যপ্রাচ্যের দেশটির রফতানি আয় ১৪
শতাংশ কমে ৩৫ কোটি বাহরাইনি দিনারে
(৯২ কোটি ৮০ লাখ
ডলার) দাঁড়িয়েছে। যেখানে গত
বছরের একই সময়ে দেশটির রফতানি আয়ের পরিমাণ ছিল ৪০ কোটি ৬০ লাখ দিনার। এতে দেশটির
বাণিজ্য ঘাটতি বেড়ে গিয়েছে। খবর আরব নিউজ।
অর্থ মন্ত্রণালয়ের মতে,
চলতি বছরের
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর)
মোট দেশজ
উত্পাদন বছরওয়ারি ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির জ্বালানি তেলবহির্ভূত
অর্থনীতি বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।
তথ্য ও ই-গভর্নমেন্ট অথরিটি অনুসারে, বাহরাইনের রফতানি পণ্যের গন্তব্যগুলোর মধ্যে
শীর্ষে সৌদি আরব। দেশটিতে ৭ কোটি ৫০ লাখ দিনারের পণ্য রফতানি করেছে বাহরাইন। এর
পরে ৪ কোটি ৭০ লাখ দিনার নিয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্র এবং ৩ কোটি ১০ লাখ দিনার নিয়ে
সংযুক্ত আরব আমিরাত তৃতীয় অবস্থানে রয়েছে।
গত মাসে দেশটির পুনঃরফতানি আয় ৬ কোটি ৪০ লাখ দিনারে পৌঁছেছে। এ আয়ের পরিমাণ গত
বছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি। পুনঃরফতানি বিভাগে উড়োজাহাজের যন্ত্রাংশ
বাহরাইনের শীর্ষ পণ্য ছিল। গত মাসে ১ কোটি দিনার মূল্যের উড়োজাহাজের যন্ত্রাংশ
রফতানি করেছে দেশটি।
রফতানির পাশাপাশি নভেম্বরে আমদানিও সংকুচিত হয়েছে। গত মাসে বাহরাইনের আমদানি ৩
শতাংশ কমে ৪৪ কোটি দিনারে দাঁড়িয়েছে। দেশটির মোট আমদানি পণ্যের ৭০ শতাংশ এসেছে
১০টি দেশ থেকে। আরব দেশটি সবচেয়ে বেশি আমদানি করেছে চীন থেকে। দেশটি থেকে ৫ কোটি
৭০ লাখ দিনারের পণ্য আমদানি করেছে বাহরাইন। আমদানি উত্স দেশ হিসেবে এর পরেই রয়েছে
সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিল।
রফতানি কমে যাওয়ায় দেশটির বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। গত মাসে রফতানি ও আমদানির
এ ব্যবধান ২ কোটি ৬০ লাখ দিনারে উন্নীত হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে ২০ লাখ
দিনার বাণিজ্য উদ্বৃত্ত ছিল।










