ভিয়েতনামের রফতানি পণ্যগুলোর মধ্যে অন্যতম অপরিশোধিত জ্বালানি তেল। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যেও বিদায়ী বছরে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। রফতানি আগের বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেড়ে ৪৭ লাখ টন ছাড়িয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪৭ লাখ ২০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি বেড়েছে ১৮ দশমিক ৭ শতাংশ।

তবে রফতানির পরিমাণে প্রবৃদ্ধি অর্জন হলেও বিদায়ী বছরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামের আয় আগের তুলনায় কমে গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামের আয় দাঁড়িয়েছে ১৫৭ কোটি ৮০ লাখ ডলারে, যা আগের বছরের তুলনায় ২২ দশমিক ৯ শতাংশ কম। মূলত আন্তর্জাতিক বাজারে রেকর্ড দরপতনের জের ধরে গত বছর জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামের আয়ে মন্দা ভাব দেখা গেছে।