যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার স্পার্টানবার্গে নিজস্ব কারখানায় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদন করতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বিএমডব্লিউ। এছাড়া কাছাকাছি একটি ইভি ব্যাটারি উৎপাদন কারখানা তৈরিতে আরো ৭০ কোটি ডলার ব্যয় করবে জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর এপি।

উত্তর আমেরিকায় ইভির বাজার ধরতে এমন উৎপাদন পরিকল্পনা নিয়েছে বিএমডব্লিউ। অন্যান্য বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও অঞ্চলটিতে ব্যবসা সম্প্রসারণের উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

প্রতিষ্ঠানটি ব্লু রিজ পর্বতমালার পাদদেশে গ্রিয়ারে ৭০ লাখ বর্গফুট আয়তনের কারখানায় এ বিনিয়োগ করতে যাচ্ছে। কারখানাটিতে ১১ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান হবে। ব্যাটারি কারখানাটি নির্মাণ করা হবে স্পার্টানবার্গ কাউন্টির উডরাফে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটারি কারখানাটিতে কয়েক বছরের মধ্যে প্রায় ৩০০ লোক নিয়োগ করা হবে।

২০৩০ সালের মধ্যে গ্রিয়ারের কারখানাকে পুরোপুরি ইভি উৎপাদন উপযোগী হিসেবে গড়ে তুলতে চায় বিএমডব্লিউ। এ লক্ষ্যে অন্তত ছয়টি এসইউভি গাড়ির জন্য ব্যাটারি সেল সরবরাহে জাপানি ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান এনভিশন অটোমেটিভ এনার্জি সাপ্লাই করপোরেশনের (এইএসসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

এনভিশন দক্ষিণ ক্যারোলাইনায় সুবিধামতো অবস্থানে নতুন কারখানা তৈরি করবে। প্রতিষ্ঠানটি অবশ্য কতজনকে নিয়োগ দেবে তা স্পষ্ট করে জানায়নি। এনভিশনের কারখানায় উৎপাদিত ব্যাটারি সেলগুলো বিএমডব্লিউর উডরাফের কারখানাটিতে পাঠানো হবে। সেখানে নির্মিত বিদ্যুচ্চালিত এসইউভি মডেলের জন্য সেলগুলো সংযোজন করে ব্যাটারি প্যাক করা হবে।

কারখানাটিতে কবে নাগাদ ইভি উৎপাদন শুরু হবে তা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা না হলেও বিএমডব্লিউর প্রধান অলিভার জিপসে জানিয়েছেন, প্রতি দুই বছরে কারখানাটিতে তারা ১০ শতাংশ করে ইভি উৎপাদন বৃদ্ধি করতে চায়। তিনি বলেন, আমরা বেছে নেয়ার সুযোগ রাখতে চাই, সীমাবদ্ধ করব না। তাই গ্রিয়ারের কারখানায় গ্যাসচালিত গাড়ি উৎপাদন অব্যাহত থাকবে।

এছাড়া হোন্ডা, ফোর্ড, জিএম, টয়োটা, হুন্দাই-কিয়া, স্টেলান্টিস ও ভিয়েতনামের ভিনফাস্টসহ ১১টি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে ইভি ব্যাটারি উৎপাদন কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন আইন সংস্থাগুলোকে উত্তর আমেরিকায় ব্যাটারি উৎপাদনে আগ্রহী করছে। নতুন আইনে সাড়ে ৭ হাজার ডলার পর্যন্ত ট্যাক্স ক্রেডিট সুবিধা পাওয়া যাবে, যা ইভিকে সাশ্রয়ী করে তুলবে। তবে সম্পূর্ণ ক্রেডিট পেতে গাড়িতে অবশ্যই উত্তর আমেরিকায় উৎপাদিত ব্যাটারি থাকতে হবে।