ভিয়েতনামের রফতানি পণ্যগুলোর মধ্যে অন্যতম অপরিশোধিত জ্বালানি তেল। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মধ্যেও বিদায়ী বছরে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানিতে প্রবৃদ্ধি দেখা গেছে। তবে চলতি বছরের শুরুতে মন্দার মুখে পড়েছে ভিয়েতনামের জ্বালানি তেল রফতানি। এ সময় দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১১ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে ভিয়েতনামের জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারিতে ভিয়েতনাম থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ লাখ ৫৬ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৫ শতাংশ কম।

একই সময়ে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামের আয় আগের তুলনায় কমেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বাবদ ভিয়েতনামের আয় দাঁড়িয়েছে ১৩ কোটি ৫০ লাখ ডলারে, যা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ৯ শতাংশ কম।

জানুয়ারিতে ভিয়েতনামি আমদানিকারকরা মোট ছয় লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছেন। এক বছরের ব্যবধানে দেশটিতে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে ৪৭ দশমিক ৬ শতাংশ।

এদিকে ভিয়েতনামের সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪৭ লাখ ২০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে।