ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘ইমপ্লিমেন্টেশন অব স্টুডেন্ট ব্যাংকিং গাইডলাইনস অ্যান্ড এক্সিকিউশন অব ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামস’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন প্রধান অতিথি ও উপপরিচালক মো. শামীম আল মামুন বিশেষ অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। এ সময় তিনি স্টুডেন্ট ব্যাংকিংয়ের ওপর ব্যাংকের নতুন তিনটি প্রচারমূলক প্রকাশনা উন্মোচন করেন।

আমন্ত্রিত অতিথিরা কর্মশালায় মূল আলোচক হিসেবে সেশনও পরিচালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। এ সময় বক্তারা দেশে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং তরুণদের মধ্যে সঠিক আর্থিক অভ্যাস গড়ে তুলতে স্টুডেন্ট ব্যাংকিং ও আর্থিক স্বাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।

মার্কেন্টাইল ব্যাংকের করপোরেট লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সিনিয়র ম্যানেজমেন্ট টিমসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব ডিভিশন, ডিপার্টমেন্ট, ইউনিট ও সেলের প্রধান, আঞ্চলিক ও শাখা প্রধান, উপশাখা ইনচার্জ এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের প্রতিনিধিরা ভার্চুয়ালি এ অনুষ্ঠানে অংশ নেন।