রাশিয়া ইউক্রেনের সঙ্গে খাদ্যশস্য রফতানি করিডোর চুক্তি সম্প্রসারণ করবে কিনা তা নিয়ে এরই মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণে রুশ সেনারা সম্প্রতি ইউক্রেনে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে। তবে এমন পরিস্থিতির মধ্যেও ইউক্রেন খাদ্যশস্য রফতানি বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে, চলতি মাসের ১৭ দিনে দেশটি সব মিলিয়ে ২১ লাখ ২০ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে। এর মধ্যে বেশির ভাগই গম ও ভুট্টা। বিশ্লেষকরা বলছেন, গত বছরের একই সময়ের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে রফতানি। ওই সময় দেশটি ২১ লাখ ৭০ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছিল।

এদিকে রাশিয়ার সঙ্গে চুক্তির পর থেকে রফতানি বাড়লেও তা যুদ্ধের আগের পর্যায়ে ফিরে যেতে পারেনি। চলতি মৌসুমের এখন পর্যন্ত দেশটি ১ কোটি ৮ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ১ কোটি ৬৫ লাখ টন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে দেশটির শস্য রফতানি পাঁচ মাস ধরে বন্ধ ছিল। জুলাইয়ের শেষ দিকে দেশ দুটির মধ্যে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তি হয়। এ চুক্তির মাধ্যমে রফতানি আবারো শুরু করে ইউক্রেন। যুদ্ধের আগে ইউক্রেন প্রতি মাসে অন্তত ৬০ লাখ টন খাদ্যশস্য রফতানি করত। কিন্তু যুদ্ধের পর তা ১০ লাখ টনে নেমে আসে। চুক্তির পর থেকে আবারো যুদ্ধপূর্ব রফতানি প্রবৃদ্ধিতে ফিরে যেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন।