চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মেক্সিকোর অর্থনীতি ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। গত বছরের শেষ প্রান্তিকের তুলনায় এ হার ১ শতাংশ। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে মেক্সিকো সরকার। খবর এপি।
মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিসটিকস অ্যান্ড জিওগ্রাফির তথ্য বলছে, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে জিডিপি বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। যদিও বছরের শুরুটা হয় নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে।
মুডি’স অ্যানালিটিকস পরিচালক আলফ্রেডো কুটিনো এক প্রতিবেদনে বলেন, কভিড-১৯ মহামারীর প্রকোপ কিছুটা বাড়তে শুরু করে বছরের শুরুতে। এছাড়া রাশিয়া-ইউক্রেন সংঘাতের জের ধরে বৈশ্বিক সরবরাহ চেইনে সংকট দেখা দেয়।
আলফ্রেডো কুটিনো বলেন, দেশীয় বিভিন্ন খাতের দুর্বলতা ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ হওয়ার আশঙ্কা বিবেচনা করে ২০২২ সালজুড়ে মেক্সিকোর প্রবৃদ্ধিতে বিভিন্ন সীমাবদ্ধতা থাকবে। যদিও মেক্সিকান পণ্যের বৈশ্বিক চাহিদার ঊর্ধ্বমুখিতা অব্যাহত রয়েছে।










