ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ঋণের বোঝা কমাতে সরকারের নির্বাচনী ইশতাহার অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফ কর্মসূচির আওতায় ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষকের ৬০৪ কোটি ৮১ লাখ টাকার ঋণ মওকুফ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি)।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। সরকার ঘোষিত মোট ঋণ মওকুফের প্রায় ৩৯ শতাংশই বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিনের অনাদায়ী ক্ষুদ্র ঋণের কারণে অনেক কৃষক নতুন করে ঋণ গ্রহণের সুযোগ হারাচ্ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজার পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া এসব কৃষককে আবারও প্রাতিষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
কৃষি ব্যাংক জানায়, সারা দেশে তথ্য যাচাই, হিসাব সমন্বয় ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে যোগ্য কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে। এর ফলে উপকারভোগী কৃষকরা ভবিষ্যতে নতুন করে কৃষিঋণ গ্রহণের সুযোগ পাবেন, যা কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে আরো গতিশীল করতে সহায়ক হবে।
দেশে বিতরণ হওয়া মোট কৃষিঋণের প্রায় ৬৩ শতাংশ এককভাবে বাংলাদেশ কৃষি ব্যাংক বিতরণ করে থাকে। ব্যাংকটি জানিয়েছে, সরকারের নীতিমালা অনুযায়ী কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদান ও কৃষিবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে।










