লভ্যাংশ নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। রেকর্ড ডেট শেষে আগামীকাল থেকে স্বাভাবিকভাবে লেনদেন হবে কোম্পাটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ১৮ মে বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ। ২০২২ হিসাব বছরে ইউনাইটেড ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭ কোটি ৩৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৪ লাখ টাকা বা ৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৬ টাকা ৪৫ পয়সা।
সর্বশেষ ক্রেডিট রেটিং অনুসারে, কোম্পানিটির ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২২ হিসাব বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তিতে এ প্রত্যায়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।










