সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম আগামী ১০ দিন  বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটিসহ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) থেকে ৯ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানিসহ বন্দরের সব কাজ বন্ধ থাকবে। গতকাল সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ এ তথ্য নিশ্চিত করে।

স্থলবন্দর সূত্র জানায়, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীরা নেপাল, ভুটান ও ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং ফুলবাড়ী লোকাল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আলোচনার মাধ্যমে ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৯ অক্টোবর রোববার পর্যন্ত এ স্থলবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। ১০ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম ফের সচল হবে বলে জানায় স্থলবন্দর কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে। আগামী ১০ অক্টোবর চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম চালু করা হবে।  —বিজ্ঞপ্তি