সদ্য বিদায়ী অর্থবছরে ভারতে কয়লা উত্তোলন এর আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সর্বোচ্চে পৌঁছেছে উত্তোলন। রাষ্ট্রায়ত্ত কোম্পানি কোল ইন্ডিয়া উত্তোলন বৃদ্ধির ক্ষেত্রে প্রভাবকের ভূমিকা পালন করেছে। এছাড়া ক্যাপটিভ ও বাণিজ্যিক খনিগুলোও এক্ষেত্রে সহায়তা করেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন। 

ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ কয়লা ব্যবহারকারী। ২০২০-২১ অর্থবছরে দেশটি ৭১ কোটি ৬০ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন করে। ২০২১-২২ অর্থবছর তা বেড়ে ৭৭ কোটি ৮১ লাখ ৯০ হাজার টনে দাঁড়ায়। তবে ২০২২-২৩ অর্থবছরে সব রেকর্ড ভেঙে উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯ কোটি ২২ লাখ ১০ হাজার টনে। 

কয়লাবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী সাংবাদিকদের বলেন, এটি কয়লা খাতের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত। আমি এই রেকর্ড প্রবৃদ্ধির জন্য সব কয়লা যোদ্ধা ও স্টেকহোল্ডারকে ধন্যবাদ জানাই। কঠিন লক্ষ্যমাত্রা সত্ত্বেও কোল ইন্ডিয়া, এসসিসিএল, ক্যাপটিভ ও বাণিজ্যিক খনিগুলো সব মিলিয়ে ৮৯ কোটি ২০ লাখ টনের বেশি কয়লা উত্তোলন করতে সক্ষম হয়েছে। কোল ইন্ডিয়া ৭০ কোটি টনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। 

বিদায়ী বছর কোল ইন্ডিয়ার উত্তোলন ১৩ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি ৩২ লাখ টনে। ক্যাপটিভ ও বাণিজ্যিক খনিগুলোর উত্তোলন ৩৪ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১২ কোটি ১৮ লাখ ৮০ হাজার টনে উন্নীত হয়েছে। এসসিসিএলের উত্তোলন ৩ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৬ কোটি ৭১ লাখ ৪০ হাজার টনে ঠেকেছে। 

২০২০-২১ অর্থবছরে ভারতে কয়লার চাহিদা ছিল ৯০ কোটি ৬১ লাখ ৩০ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে ১০২ কোটি ৭৯ লাখ ২০ হাজার টনে উন্নীত হয়। গত অর্থবছর চাহিদার পরিমাণ ধরা হয়েছে ১০৮ কোটি ৭০ লাখ টন।