মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে দশমিক ৫ শতাংশ সুদের হার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ (ফেড)। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের এ সুদহার বৃদ্ধির প্রভাব সাধারণত যুক্তরাষ্ট্রের সীমান্ত পর্যন্ত বিস্তৃত থাকে না। সীমানা ছাড়িয়ে অন্য অর্থনীতিগুলোর ওপর এর প্রভাব আছড়ে পড়ে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদ বৃদ্ধির কারণে সুদূর শ্রীলংকার এক দোকানি থেকে শুরু করে মোজাম্বিকের কৃষক পরিবার প্রভাবিত হতে পারেন। খবর এপি।
৪০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতি হার নিয়ন্ত্রণে আনা ফেডের প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দুই মাসে এ নিয়ে দ্বিতীয় বার সুদের হার বাড়ানোর ঘোষণা দিল মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। তবে এর ফলে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য অর্থনীতিও প্রভাবিত হচ্ছে। এ বিষয়ে জুবিলি ইউএসএ নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এরিক লেকম্পটে বলেন, এর কারণে সব ধরনের উন্নয়নশীল দেশে চাপ সৃষ্টি হবে। উন্নয়নশীল অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় গত মাসেই ফেডারেল রিজার্ভকে সুদের হার বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। নেতিবাচক আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩ দশমিক ৮ শতাংশে স্থির করেছে আইএমএফ।
এদিকে সম্প্রতি স্বল্পমেয়াদি সুদের হার শূন্য দশমিক ৫ শতাংশ বাড়িয়েছে ফেড। পাশাপাশি আরো সুদের হার বৃদ্ধির ঘোষণার ইঙ্গিত দিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বৃদ্ধি কয়েক স্তরে প্রভাব ফেলতে পারে।
প্রথমত, সুদের হার বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হবে। পাশাপাশি বিদেশী পণ্যের জন্য মার্কিন ক্রেতাদের চাহিদা কমবে। এছাড়া বৈশ্বিক বিনিয়োগকেও প্রভাবিত করবে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ঘোষণা। যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার ফলে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে ওঠে তা। বিনিয়োগকারীরা দরিদ্র ও মধ্য আয়ের দেশগুলোতে বিনিয়োগ না করে বরং যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হবেন। এতে করে ডলারের দাম বাড়বে। ফলে ডলারের বিপরীতে উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার দরপতন হবে।
মুদ্রার মান কমলে তার প্রভাব বহুমুখী হবে। খাদ্যসহ ও অন্যান্য পণ্য আমদানি করা ব্যয়বহুল হয়ে পড়বে। বর্তমানে আগে থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ সংকটের সম্মুখীন বিশ্ব। মুদ্রার দরপতন হলে সংকটে আরো ইন্ধন জোগানো হবে। নিজস্ব মুদ্রার দরপতন রোধে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো আবার সুদের হার বাড়াবে। এরই মধ্যে সুদের হার বাড়ানোর ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক। এতে করে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি কমাসহ কর্মসংস্থান কমতে শুরু করবে। অন্যদিকে ঋণগ্রস্ত দেশের সরকার সুদ পরিশোধের বাজেট বাড়াতে বাধ্য হবে। এতে করে দারিদ্র্য, কভিড-১৯ মহামারীসহ অন্যান্য খাতে ব্যয় কমে যাবে। আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, স্বল্প আয়ের ৬০ শতাংশ দেশ এরই মধ্যে ঋণগ্রস্ত আছে। অনেক দেশের ঋণের বোঝা বেড়ে তা দেশের জিডিপির অর্ধেক ছুঁয়েছে।
এদিকে মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণে আনতে আরো কয়েক দফায় সুদের হার বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ফেডারেল রিজার্ভ। কভিড-১৯ মহামারীর প্রকোপ কিছুটা কমতে শুরু করলে অর্থনীতি পুনরুদ্ধার শুরু হয়। এরই ধারাবাহিকতায় অনিয়ন্ত্রিতভাবে মূল্যস্ফীতির হার বাড়তে থাকে। গত চার দশকের সর্বোচ্চে পৌঁছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার।










