বাংলাদেশে নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে চিংফেং ঝাং-কে নিয়োগ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ ঢাকায় নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, চিংফেং ঝাং বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘদিনের অংশীদারত্ব আরো সুদৃঢ় করবেন, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কৌশলগত নীতিসংলাপে নেতৃত্ব দেবেন এবং বাংলাদেশের জন্য এডিবির পরবর্তী উন্নয়ন কৌশল প্রণয়নে দিকনির্দেশনা দেবেন।
চিংফেং ঝাং বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। গত কয়েক দশকে বাংলাদেশ সফল্ভাবে বিভিন্ন প্রতিকূলতা মোকাবেলা করে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে।’
তিনি বলেন, ‘মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা জোরদার, বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি গতিশীল এবং আঞ্চলিক সহযোগিতা আরো গভীর করার লক্ষ্যে সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ। আরো উন্নত অর্থায়ন পদ্ধতি, জ্ঞানভিত্তিক সমাধান এবং সফল বিনিয়োগের মাধ্যমে আমরা এ অগ্রযাত্রায় সহায়তা অব্যাহত রাখব।’
টেকসই উন্নয়ন ক্ষেত্রে চিংফেং ঝাং-এর ৩০ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এডিবিতে দায়িত্ব পালন করেছেন ২০ বছরেরও বেশি। পেশাগত জীবনে তিনি কৃষি, খাদ্যব্যবস্থা, পানি সম্পদ, পরিবেশ, প্রাকৃতিক সম্পদ এবং গ্রামীণ উন্নয়ন খাতে রূপান্তরমূলক কর্মসূচি ও কৌশলগত উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সরকার, উন্নয়ন প্রতিষ্ঠান, শিক্ষা বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বর্তমান নিয়োগের আগে এডিবির অ্যাগ্রিকালচার, ফুড, নেচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সেক্টর অফিসের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন চিংফং ঝাং।
চীনের নাগরিক ঝাং সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ প্রকৌশলে ডক্টরেট, সিচুয়ান বিশ্ববিদ্যালয় থেকে পানি সম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি এবং হাইড্রোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি হার্ভার্ড বিজনেস স্কুলে বিশেষায়িত পেশাগত শিক্ষা গ্রহণ করেছেন।










