গত বছর চীনে অ্যালুমিনিয়াম উত্তোলন আগের বছরের তুলনায় দশমিক ৯ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে দেশটিতে ব্যবহারিক ধাতুটির উত্তোলনে গত এক দশকের মধ্যে প্রথমবার মন্দা ভাব দেখা গেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
এনবিএস জানিয়েছে, ২০১৯ সালে চীনের খনিগুলো থেকে সব মিলিয়ে ৩ কোটি ৫০ লাখ ৪০ হাজার টন অ্যালুমিনিয়াম উত্তোলন হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৯ শতাংশ কম। এর আগে সর্বশেষ ২০০৯ সালে দেশটির অ্যালুমিনিয়াম উত্তোলন খাতে মন্দা ভাব দেখা গিয়েছিল। দশকজুড়ে প্রবৃদ্ধি বজায় থাকার পর ২০১৯ সালে এসে ফের মন্দার মুখে পড়েছে দেশটির অ্যালুমিনিয়াম উত্তোলন খাত।
খাতসংশ্লিষ্টরা বলছেন, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্যযুদ্ধ চলছে। এ কারণে চীনে অ্যালুমিনিয়ামের চাহিদা প্রবৃদ্ধিতে শ্লথতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি ব্যবহারিক ধাতুটির উত্তোলন কমিয়ে দিতে খনিগুলোকে উৎসাহী করেছে। উত্তোলনকারীরা সম্ভাব্য লোকসান এড়াতে অ্যালুমিনিয়াম উত্তোলন সীমিত করেছেন। এর প্রভাব পড়েছে ব্যবহারিক ধাতুটির সামগ্রিক উত্তোলনে।
এদিকে মাসভিত্তিক হিসাবে সর্বশেষ ডিসেম্বরে চীনে সব মিলিয়ে ৩০ লাখ ৪০ হাজার টন অ্যালুমিনিয়াম উত্তোলন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এনবিএস। আগের মাসের তুলনায় ডিসেম্বরে দেশটিতে ব্যবহারিক ধাতুটির উত্তোলন বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। তবে নভেম্বরের তুলনায় বাড়লেও আগের বছরের একই সময়ের তুলনায় গত ডিসেম্বরে চীনে অ্যালুমিনিয়াম উত্তোলনে দশমিক ৭ শতাংশ মন্দা ভাব বজায় ছিল।








