স্পেনে নিম্নমুখী হয়েছে বেকারত্ব। ডিসেম্বরে দেশটিতে বেকার হিসেবে নিবন্ধন করা মানুষের সংখ্যা আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। গত মাসের এ সংখ্যা দেশটির ইতিহাসে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। খবর রয়টার্স।

স্পেনের শ্রম মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ডিসেম্বরে স্পেনে বেকারের সংখ্যা আগের মাসের তুলনায় ১ দশমিক ৫২ শতাংশ বা ৪৩ হাজার ৭২৭ জন কমেছে। এ সময়ে ২৮ লাখ ৪০ হাজার স্পেনীয় কাজের বাইরে ছিল। এ সংখ্যা ২০০৭ সালের পর সর্বনিম্ন। সে সময় ২২ লাখ স্পেনীয় কর্মহীন ছিল। বেকারের সংখ্যা কমার পেছনে শ্রম সুরক্ষা ব্যবস্থা অবদান রেখেছে বলে জানান দেশটির শ্রমমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ।

২৫ বছরের কম বয়সী যুবকদের মধ্যে বেকারত্ব ডিসেম্বরে আগের মাসের তুলনায় ৫ দশমিক ৮৬ শতাংশ কমেছে। গত মাসে দেশটির ১ লাখ ৯৫ হাজার ৭৫১ জন ২৫ বছরের কম বয়সী যুবক বেকার ছিল। এ সংখ্যাও রেকর্ড সর্বনিম্ন। ইয়োলান্ডা ডিয়াজ বলেন, শ্রম ব্যবস্থা সংস্কারের কারণে সবচেয়ে কম বয়সী কর্মীরা বেশি উপকৃত হয়েছেন।