বিশ্বখ্যাত খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ‘টয়েজ আর আস’ যুক্তরাষ্ট্রের ২৪টি ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনা নিয়েছে। সম্প্রসারণ পরিকল্পনার পেছনে রয়েছে খেলনা স্টোরটির মূল কোম্পানি ডব্লিউএইচপি গ্লোবাল। এটি ২০১৮ সালে দেউলিয়া হতে যাওয়া কোম্পানিটির জন্য স্টোর সম্প্রসারণ নবজাগরণের সমান। খবর সিএনএন।
ডিউটি ফ্রি আমেরিকাসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নভেম্বরে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম স্টোর খোলার জন্য প্রস্তুত কোম্পানিটি। যদিও ক্রুজ শিপ স্টোর সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ডব্লিউএইচপি গ্লোবাল ২০২১ সালে ‘টয়েজ আর আস’ কিনে নিয়েছিল। অধিগ্রহণের পর থেকে বৈশ্বিক বাজারে ৫০ শতাংশের বেশি বেড়েছে খুচরা বিক্রি।
কার্যক্রম বিস্তৃত হয়েছে ৩১টি দেশে ১ হাজার ৪০০টিরও বেশি স্টোর ও ই-কমার্স সাইটে।










