দক্ষিণ কোরিয়ায় কর্মক্ষেত্রে এখনো নারী ও পুরুষের উপস্থিতি সমতায় পৌঁছায়নি। দেশটির মোট শ্রমশক্তির এক-চতুর্থাংশ নারী। বেতনও পুরুষদের তুলনায় ৩০ শতাংশ কম। ১০টি খাতে জনপ্রিয় কোম্পানির উপাত্ত বিশ্লেষণ করে এমনটাই তুলে ধরেছে কোরিয়া সিএক্সও ইনস্টিটিউট। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
জরিপে ৮ লাখ ৪৪ হাজার ৬৪ শ্রমিকের উপাত্ত ব্যবহার করা হয়েছে। তাদের মধ্যে মাত্র ২৪ শতাংশ নারী। ১৫০টি কোম্পানিতে পুরুষদের বার্ষিক গড় বেতন ৭ কোটি ৯৭ লাখ ওন বা ৬১ হাজার ৪০০ ডলার। যদিও নারী শ্রমিকদের বেতন ৫ কোটি ৪২ লাখ ওন। অর্থাৎ কোরিয়ান নারীরা পুরুষদের বেতনের ৬৮ শতাংশ পাচ্ছে। দেশটির শিল্প প্রতিষ্ঠানগুলোয় লিঙ্গবৈষম্য সবচেয়ে বেশি। ২০২০-২১ অর্থবছরে নারীদের বেতন ছিল পুরুষদের বেতনের চেয়ে ৩০ শতাংশ কম। যদিও গবেষণায় এমন কোনো প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়নি, যেখানে মেয়েদের বেতন পুরুষদের তুলনায় বেশি।
বেতন বৈষম্য বেশি নির্মাণ শিল্পে। এখানে পুরুষরা বছরে ৯ কোটি ৫০ লাখ ওন উপার্জন করে। অন্যদিকে নারীদের উপার্জন হয় ৫ কোটি ১৩ লাখ ওন। অন্যান্য খাতের তুলনায় নারীরা সবচেয়ে বেশি বেতন পায় তথ্য ও যোগাযোগ খাতে। সেখানে তাদের বার্ষিক গড় বেতন ৭ কোটি ৫২ লাখ ওন। কোম্পানি হিসেবে নারীদের সবচেয়ে বেশি বেতন দেয় স্যামসাং। প্রতিষ্ঠানটিতে নারীদের গড় বেতন ৯ কোটি ৭৭ লাখ ওন। সিএক্সও রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ওহ ইল-সুন বলেন, ‘পরিবেশ, সামাজ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনয়ন করা গেলেই ভবিষ্যতে কোম্পানিগুলো বৈচিত্র্যের দিকে ঝুঁকবে। কর্মক্ষেত্রে যুক্ত হবে নারী। কমে যাবে বেতন বৈষম্য।’










